বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন হামজা চৌধুরী। তাঁর নেতৃত্বে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। দলের জয়ে নিজেও একটি গোল করেছেন ইংলিশ লিগে খেলা এই তারকা ফুটবলার। শুধু গোল নয়, পুরো ম্যাচেই সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন হামজা।
হামজার পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশ কোচ থমাস ডুলি। সংবাদ সম্মেলনে তাঁর অধিনায়কত্বের প্রশংসা করে ডুলি বলেন, হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না। কোচ আরও জানান, হামজা চাইলে পরবর্তী ম্যাচগুলোতেও তাঁকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ কোচ বলেন, ‘হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না। এ নিয়ে কোনো প্রশ্নই নেই। আমি আশা করি, সে যখনই খেলবে, প্রতিটি ম্যাচেই অধিনায়কত্ব করতে চাইবে।’
ডুলি আরও জানিয়েছেন, হামজার হাতে অধিনায়কের আর্মব্যান্ড না থাকলেও মাঠে তাঁর প্রভাব অন্য খেলোয়াড়দের তুলনায় আলাদা। সতীর্থরাও তাঁর নির্দেশনা অনুসরণ করেন।
এ প্রসঙ্গে ডুলি বলেন, ‘আমি যখন দায়িত্ব নিই, তখন শুনেছিলাম হামজা অধিনায়ক হতে চায় না। আর সে কারণেই জামাল (ভূঁইয়া) অধিনায়ক ছিল। কিন্তু হামজার অধিনায়ক হওয়ার প্রয়োজনও আসলে নেই। সে যা বলে, বাকি খেলোয়াড়রা এমনিতেই তা অনুসরণ করে। তাই আর্মব্যান্ড ওর কাছে গুরুত্বপূর্ণ নয়।’
সাফের আগে ডুলি জানিয়েছিলেন, এবারের টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তপু বর্মণ। তবে চোটের কারণে এখনো মাঠে নামতে পারেননি অভিজ্ঞ এই ডিফেন্ডার। হামজার অনুপস্থিতিতে ভুটানের বিপক্ষে ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন জামাল ভূঁইয়া। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন না জামাল। এমন পরিস্থিতিতে হামজা নিজেই অধিনায়কত্ব করার আগ্রহ প্রকাশ করেন বলে জানিয়েছেন থমাস ডুলি।
বাংলাদেশ কোচ বলেন, ‘রেফারির সঙ্গে কথা বলতে পারে, আমাদের দলে এমন খেলোয়াড় কার্যত একমাত্র সে-ই। মাঠে তার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। এমন একজন খেলোয়াড় দলে থাকা প্রয়োজন।’
অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হামজাকে ভিন্ন ভূমিকায় দেখা গেছে। তাঁকে নাম্বার টেন হিসেবে খেলান বাংলাদেশ কোচ। হামজার ফুটবলীয় বুদ্ধিমত্তা, পাস দেওয়ার দক্ষতা, গতি এবং প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়ার সামর্থ্য কাজে লাগাতেই এই কৌশল নেন ডুলি। তাঁর পরিকল্পনা সফলও হয়েছে।
ম্যাচ শেষে হামজার পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ তাঁকে ১০-এর মধ্যে ১০ রেটিং দিয়েছেন। ডুলির ভাষায়, ‘১০! আমার মনে হয়, সে অসাধারণ খেলেছে। আর কী চাইবেন তার কাছে? পাঁচটি গোল করতে হবে?’

