শীতের আগমনী হাওয়া বইতে শুরু করেছে। সন্ধ্যা পেরিয়ে রাত নামতেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাওলানা ভাসানী হলের ৩৫৩/ক কক্ষে জমতে শুরু করল শিক্ষার্থীদের আড্ডা। কারও হাতে পেঁয়াজ, কারও হাতে মরিচ, কেউ ব্যস্ত চানাচুর আর আচার মেশাতে। উপলক্ষ খুব বড় কিছু নয়, একসঙ্গে বসে ঝালমুড়ি খাওয়া। অথচ ছোট্ট এই আয়োজনই পরিণত হলো সিনিয়র-জুনিয়রের এক আন্তরিক মিলনমেলায়।
সবকিছুর শুরু ফ্লোরের মেসেঞ্জার গ্রুপে মারুফ বিল্লাহ ভাইয়ের একটি বার্তা দিয়ে। সেখানে তিনি লিখেছিলেন, ‘আসসালামু আলাইকুম। আজ রাত ১০টায় আমার রুমে ঝালমুড়ি খাওয়ার দাওয়াত ইনশাআল্লাহ।’ ব্যস, সেই আমন্ত্রণেই যেন প্রাণ ফিরে পেল পুরো ফ্লোর।
নির্ধারিত সময়ের আগেই ৩৫৩/ক কক্ষে শুরু হয় প্রস্তুতি। ফ্লোরের সবচেয়ে জুনিয়র সদস্য তানভীরের সঙ্গে পেঁয়াজ-মরিচ কাটায় ব্যস্ত রুবন ভাই। অন্যদিকে আয়োজক মারুফ বিল্লাহ ভাই খুলছেন চানাচুর আর আচারের প্যাকেট। একটু পরেই ঝালমুড়ি তৈরির কাজ এগোতে থাকে। এর মধ্যে আরেক জুনিয়র সদস্য শাহরিয়ার ও রাফুলের ওপর পড়ে বিশেষ দায়িত্ব। ফ্লোরের যাঁরা তখনো রুমে আসেননি, তাঁদের সবাইকে ডেকে আনা। তাঁদের তৎপরতায় একে একে হাজির হন প্রায় সবাই।
এরপর শুরু হয় আসল পর্ব। ঝালমুড়ির গন্ধে আর গল্পের শব্দে মুখর হয়ে ওঠে ছোট্ট ঘরটি। কারও গল্পে ক্যাম্পাসের স্মৃতি, কারও আলোচনায় পড়াশোনা, আবার কেউ মেতে ওঠেন নিছক হাসি-ঠাট্টায়। ক্লাস, পরীক্ষা কিংবা প্র্যাকটিক্যালের ব্যস্ততায় যাঁদের সঙ্গে দিনের বেলায় ঠিকমতো দেখা হওয়ার সুযোগ হয় না, তাঁদের অনেকেই এদিন একসঙ্গে বসার সুযোগ পেলেন।
রুমের চারটি সিঙ্গেল খাট যেন সেদিন পরিণত হয়েছিল চারটি দস্তরখানায়। প্রত্যেকের সামনে একটি করে গামলা, আর তাতে ভাগাভাগি করে ঝালমুড়ি খাওয়ার আয়োজন। খাওয়ার একপর্যায়ে রুবন ভাই লক্ষ করলেন, কয়েকজনের গামলায় মুড়ি তুলনামূলক কম। দেরি না করে নিজের পাত্র থেকে কিছু মুড়ি তাঁদের গামলায় ঢেলে দিলেন। ঘটনাটি খুব সাধারণ হলেও এর মধ্যেই ফুটে উঠেছিল সিনিয়র-জুনিয়রের সম্পর্কের এক সুন্দর দিক। এখানে কে সিনিয়র, কে জুনিয়র, তা যেন গৌণ; সবার আগে ছিল একসঙ্গে থাকার আনন্দ।
এমন মুহূর্তকে স্মৃতির পাতায় ধরে রাখতে চাইলেন আয়োজক মারুফ বিল্লাহ ভাই। সবাইকে একসঙ্গে ক্যামেরার সামনে আসার আহ্বান জানালেন। কেউ সামনে, কেউ পেছনে, কেউ আবার একটু জায়গা করে নিয়ে দাঁড়ালেন। এরপর মোবাইলের সেলফি ক্যামেরার দিকে তাকিয়ে সবাই বন্দি হলেন একটি ফ্রেমে। ছবিটিতে যেমন ধরা পড়েছে একগুচ্ছ হাসিমুখ, তেমনি ধরা পড়েছে একই ফ্লোরে বসবাস করা এক পরিবারের গল্প।
সেদিন আমিও গিয়েছিলাম ঝালমুড়ি খেতে। তবে আমার কাছে আয়োজনটির গুরুত্ব ছিল একটু অন্য রকম। আমি মূলত ফ্লোরের সবার সঙ্গে পরিচিত হতে এবং সময় কাটাতেই গিয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ে দিনের বেশির ভাগ সময় ক্লাস, পরীক্ষা ও প্র্যাকটিক্যাল নিয়ে ব্যস্ত থাকতে হয়। ফ্লোরের সবচেয়ে কনিষ্ঠ সদস্য হিসেবে সবার সঙ্গে সেভাবে পরিচিত হওয়ার সুযোগ হয়ে ওঠেনি। হলের ফ্লোরে ওঠার পর একদিন প্রতিটি কক্ষে গিয়েছিলাম ঠিকই, কিন্তু সবার সঙ্গে আলাদা করে কথা বলার সুযোগ হয়নি। তাই এই ছোট্ট আয়োজন আমার কাছে ছিল অনেক বেশি আনন্দের।
ক্যাম্পাসের সাংবাদিকতার সুবাদে আড্ডার একপর্যায়ে কৃষি অর্থনীতি অনুষদের এক সিনিয়র ভাই মজা করে বলেই ফেললেন, ‘সাংবাদিক, এই মুড়ি পার্টি নিয়ে নিউজ না হলে খবর আছে।’ আমিও হেসে বলেছিলাম, ‘ফিচার লেখব ভাই, সমস্যা নেই।’ সেদিনের আনন্দে অবশ্য একটু বিষাদের ছোঁয়াও ছিল। বাংলাদেশ-পাকিস্তান ফুটবল ম্যাচের ৮৫ মিনিটে গোল হজম করে হেরে যায় বাংলাদেশ। তবে ফুটবলের সেই হতাশা ঝালমুড়ির আড্ডার আনন্দকে ম্লান করতে পারেনি।
আসলে বিশ্ববিদ্যালয়ের হলজীবন শুধু ক্লাস, পরীক্ষা কিংবা একসঙ্গে থাকার নাম নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য ছোট ছোট আয়োজন, হঠাৎ পাওয়া দাওয়াত, রাতের আড্ডা আর একে অন্যের পাশে দাঁড়ানোর গল্প। আজ যিনি সিনিয়র, কাল তিনি হয়তো পড়াশোনা শেষ করে পেশাগত জীবনে প্রবেশ করবেন। কেউ চলে যাবেন চাকরিতে, কেউ গবেষণায়, কেউবা জীবনের অন্য কোনো ব্যস্ততায়। কিন্তু কোনো এক শীতের রাতে এক গামলা ঝালমুড়ি ঘিরে কাটানো এই মুহূর্তগুলো তাঁদের স্মৃতিতে থেকে যাবে।
শীত যত বাড়বে, হয়তো বাকৃবির বিভিন্ন হলের কক্ষে এমন আরও অনেক ছোট আয়োজন বসবে। কখনো ঝালমুড়ি, কখনো চা, কখনো সামান্য নাশতা। আয়োজনের উপকরণ যা-ই হোক, মূল আকর্ষণ থাকবে মানুষগুলো। কারণ, বিশ্ববিদ্যালয়জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো অনেক সময় বড় কোনো অনুষ্ঠানে নয়, তৈরি হয় এমনই ছোট্ট একটি ঘরে, এক গামলা ঝালমুড়ি ভাগাভাগি করে খাওয়ার মধ্য দিয়ে।

