দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি শক্তি বেড়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (১৫ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের জারি করা বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৬টায় নিম্নচাপটির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৯০০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
নিম্নচাপটির কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা হাওয়ায় এই গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠছে। এর প্রভাবে কেন্দ্রের আশপাশের সাগর উত্তাল রয়েছে।
এ পরিস্থিতিতে চারটি সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
পাশাপাশি জেলে ও সমুদ্রগামী নৌযান সংশ্লিষ্টদের আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস জেনে নিরাপত্তা নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

