রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি আজ সোমবার (১৬ নভেম্বর) হাইকোর্টে শুরু হচ্ছে।
হাইকোর্টের বেঞ্চ অব বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে মাত্র ১৯ দিনে মামলাটির বিচারকাজ সম্পন্ন হয়। গত ৭ জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। নিম্ন আদালতের রায়ের পর নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও জেল আপিলও জমা পড়ে। তাদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ জানিয়েছেন, এ মামলাটিতে আসামিদের সর্বোচ্চ সাজা বহাল রাখার প্রত্যাশা করছেন তারা।

