গ্র্যাচুইটি, করোনাকালীন ভাতা, বকেয়া পাওনা পরিশোধসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করছেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা। তাদের কর্মবিরতির কারণে বন্দরের কনটেইনার ওঠানামা ও খালাস কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরের সিসিটি (চিটাগাং কনটেইনার টার্মিনাল) ও এনসিটি (নিউমুরিং কনটেইনার টার্মিনাল)-এর সব ধরনের কাজ বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন শ্রমিক-কর্মচারীরা।
এতে সিসিটির দুটি এবং এনসিটির বার্থে অবস্থানরত পাঁচটি জাহাজের কনটেইনার খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সাইফ পাওয়ার টেকে কর্মরত শ্রমিক মো. ফারুক জানান, তাদের সাতটি বার্থে কাজ বন্ধ রয়েছে। এসব বার্থে পণ্যবাহী সাতটি জাহাজ অবস্থান করছে।
শ্রমিক-কর্মচারীরা জানিয়েছেন, গ্র্যাচুইটি, করোনাকালীন ভাতা ও বকেয়া পাওনাসহ পাঁচ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।

