ফুসফুসের ক্যানসারের ঝুঁকি, প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতা সম্পর্কে তরুণ প্রজন্মকে ধারণা দিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফার্মেসী বিভাগের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সেমিনার কক্ষে ফুসফুস ক্যানসার সচেতনতা মাস’ উপলক্ষে ফার্মেসী বিভাগের সহযোগী সংগঠন ফার্মেসীর সোসাইটির উদ্যোগে এবং বীকন ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় ‘লিডিং দ্য ইয়ুথ টুওয়ার্ড হেলদি ব্রিদিং’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লার ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. এম এম আরিফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমদাদুল হক, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জে এম আদীব সালমান চৌধুরী এবং রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা।
সেমিনারে প্রধান প্রবন্ধ উপস্থাপক ডা. এম এম আরিফ হোসেন ক্যানসারের কারণ, লক্ষণ, চিকিৎসাপদ্ধতি ও প্রতিরোধের উপায় নিয়ে একটি তথ্যবহুল স্লাইড উপস্থাপন করেন।
পরবর্তীতে বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এর সহকারী সেলস ম্যানেজার জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘বিভিন্ন পণ্য ও ওষুধে বুয়েটের স্বীকৃতি বা সার্টিফিকেশন দেখা যায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকেও এ ধরনের স্বীকৃতি বা সার্টিফিকেশন চালু করা যেতে পারে। বিভাগটি চাইলেই এমন উদ্ভাবনী উদ্যোগ নিতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আমরা আগ্রহী।’
সভাপতির বক্তব্যে ড. জান্নাতুল ফেরদৌস আয়োজনের সহযোগিতার জন্য বীকন ফার্মাসিউটিক্যালসকে ধন্যবাদ জানান। পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

