সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহ শহরের কলাবাগান বাবর আলী মোড় এলাকায় সুমাইয়া আক্তার সোমা (২৬) নামের এক নারীকে ইট দিয়ে আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোমা শহরের কাঞ্চননগর এলাকার সেকেন্দার আলীর মেয়ে।
এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত সাবেক স্বামী এনামুল হক মিরাজকে আটক করেছে পুলিশ। মিরাজ জেলা সদরের শিকারপুর দক্ষিনপাড়া গ্রামের সিদ্দিক মল্লিক এর ছেলে এবং পেশায় দিনমজুর।
নিহতের স্বজন ও পুলিশ সুত্রে জানা যায়, প্রায় আট বছর আগে সুমাইয়া আক্তার সোমা এবং এনামুল হক মেরাজ এর বিয়ে হয়। তাদের ঘরে একটি ছেলে সন্তানের জন্মও হয়। পরবর্তীতে পারিবারিক বিরোধে ২০২৩ সালের নভেম্বর মাসে সোমা এবং মিরাজের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে সোমা তার বাবার বাড়িতেই থাকতো।
পরে সোমা’র পরিবার ঝিনাইদহ আদালতে মামলা করলে আদালত একমাত্র ছেলের খোরপোশ (ভরনপোষণ খরচ) দেওয়ার নির্দেশ দেয় সাবেক স্বামী মিরাজকে। কিন্তু মেরাজ পরে ঢাকার উচ্চ আদালতে আপিল করলে সেখানেও এই আদেশ বহাল রাখে।কিন্তু এই টাকা দেওয়া নিয়ে মাঝে মধ্যে তাদের কথাকাকাটি হত।
এই ঘটনার সূত্র ধরেই বুধবার সকালে সোমা তার ৬বছর বয়সী ছেলেকে স্কুল থেকে আনতে শহরের কলাবাগান সংলগ্ন বাবর আলী মোড় এলাকায় যায়। তখন এনামুল হক মিরাজ তার সাবেক স্ত্রী সুমাইয়া আক্তার সোমার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে ইট দিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। সেসময় ধস্তাধস্তিতে মিরাজের মাথার পিছনের অংশেও ইটের আঘাত লাগে। পরে স্থানীয়রা সোমাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর হসপিটালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: আশিফা আশরাফী আইভি বলেন, সোমা কে হাসপাতালে মৃত অবস্থাতেই পেয়েছি। তার গায়ে, হাতে, পায়ে, মাথায় প্রচুর আঘাতের চিহ্ন বা ক্ষত রয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, খোরপোশের টাকা নিয়ে পারিবারিক বিরোধে ঘটনা। অভিযুক্ত স্বামী এনামুল হক মেরাজ কে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে।মৃতদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।এদিকে নিহত সোমা’র বাবা সেকেন্দার আলী বলেন, ডিভোর্সের পর মামলা করলে আদালত সন্তানের খোরপোশের টাকা দিতে আদেশ দেয়। কিন্তু মেরাজ টাকা দেওয়ার ভয়ে আমার মেয়েকে কয়েকবার মারার চেষ্টা করেছিল। আজ সে ঠিকই হত্যা করলো। এর কঠিন শাস্তি চাই আমরা।

