ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সালথা শাখার ভবনে এ ঘটনা ঘটে। তবে শাখা ব্যবস্থাপক ও কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।
গ্রামীণ ব্যাংক সূত্রে জানা গেছে, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত ব্যাংকটির শাখা ভবনের নিচতলায় রাতে দুর্বৃত্তরা মশাল ও কেরোসিন ব্যবহার করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ভবনের নিচতলা থেকে ধোঁয়া বের হতে দেখে শাখা ব্যবস্থাপক মো. রাজীব হোসেন ও তাঁর সহকর্মীরা দ্রুত নিচে নেমে আসেন। পরে মোটরের পানি ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন তাঁরা। এতে ব্যাংকের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংকের সালথা শাখার ব্যবস্থাপক মো. রাজীব হোসেন বলেন, রাতে আমি নিজের কক্ষে ঘুমিয়ে ছিলাম। এ সময় জানালা দিয়ে নিচ থেকে ধোঁয়া আসতে দেখি। তাৎক্ষণিক নিচে নেমে দেখি আগুন জ্বলছে। পরে সহকর্মীদের নিয়ে মোটরের পানি দিয়ে আগুন নিভাতে সক্ষম হই। সকালে বিষয়টি সালথা থানা-পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও জানান, এ ঘটনায় সালথা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। খবর পেয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তাও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

