ফ্যাশন ডিজাইনে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, নান্দনিকতা ও পেশাগত দক্ষতার পরিচয় তুলে ধরতে সোনারগাঁও ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্যাশন প্রজেক্টস এক্সিবিশন অ্যান্ড ফ্যাশন শো-২০২৬’। সোমবার (১৭ নভেম্বর) ইউনিভার্সিটির মহাখালী ক্যাম্পাসে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি (এএমটি) বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহামেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আল-আমিন মোল্লা এবং কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এ. এস. এম. তারিক ইকবাল। ফ্যাশন শো ও প্রজেক্ট প্রদর্শনীর তত্বাবধায়নে ছিলেন এফডিটি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. আহসান হাবিব, এএমটি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. তাজবীর হুসাইন। এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম, সহযোগী অধ্যাপক ও এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আবু হানিফ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. রইস উদ্দিন মোল্লা এবং স্পোর্টস ডিরেক্টর মেহরাব হোসেন জোশীসহ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের তৈরি ফ্যাশন ও একাডেমিক প্রজেক্টের প্রদর্শনী। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফ্যাশন শোতে উঠে আসে তাদের সৃজনশীল ভাবনা, নকশার বৈচিত্র্য ও নিজস্ব শিল্পবোধ। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব ক্ষেত্রে উপস্থাপনের সুযোগ সৃষ্টিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

