২২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া ও ঝিনাইদহের মধ্যবর্তী শান্তিডাঙ্গা-দুলালপুর এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। দীর্ঘ ৪৭ বছরের পথচলায় নানা চড়াই-উতরাই পেরিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় আজ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠে পরিণত হয়েছে। শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও সহশিক্ষামূলক কার্যক্রমে বিশ্ববিদ্যালয়টির রয়েছে স্বতন্ত্র ঐতিহ্য। তবে অর্জনের পাশাপাশি সেশনজট, আবাসন সংকট, গবেষণায় সীমাবদ্ধতা ও পরিবহনব্যবস্থাসহ নানা সমস্যাও শিক্ষার্থীদের ভাবনায় উঠে এসেছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনের সভাপতিরা জানিয়েছেন তাঁদের প্রত্যাশা, স্বপ্ন ও ভবিষ্যৎ ভাবনার কথা।
মানবিক ও আদর্শ ক্যাম্পাস গড়ার প্রত্যাশা রক্তিমার:
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদানকারীদের সংগঠন রক্তিমার সভাপতি সোহরাব উদ্দিন আহমেদ বলেন, “প্রাণের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম জন্মদিনে ক্যাম্পাসের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে রক্তিমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। স্বাধীন দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ইবি আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছে, তার অংশ হতে পারাটা আমাদের জন্য সত্যিই খুব গর্বের।”
তিনি বলেন, একজন সাধারণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক হিসেবে তিনি এমন একটি ক্যাম্পাসের স্বপ্ন দেখেন, যেখানে শিক্ষার পাশাপাশি মানবিক চর্চার সুস্থ পরিবেশ থাকবে। তাঁর প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বাড়বে, সেশনজট পুরোপুরি দূর হবে এবং লাইব্রেরি ও ল্যাবগুলো আরও আধুনিক হবে। পাশাপাশি আবাসন সংকট কমানো, হলের খাবারের মান উন্নয়ন এবং মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবা আধুনিকায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যক্রম সহজ করতে প্রশাসনের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা বাড়ানো প্রয়োজন। এসব সংগঠন শিক্ষার্থীদের মানবিক হতে এবং মানুষের বিপদে পাশে দাঁড়াতে শেখায়। রক্তদানের মতো মানবিক কার্যক্রমের মাধ্যমে রক্তিমা মানুষের জীবন বাঁচাতে কাজ করে যাচ্ছে। তাঁর প্রত্যাশা, সবার সম্মিলিত প্রচেষ্টায় ইবি শুধু শিক্ষায় নয়, মানবিকতা ও সহমর্মিতায়ও দেশের সেরা ক্যাম্পাস হয়ে উঠবে।
স্বেচ্ছাসেবী কার্যক্রম ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে জোর তারুণ্যের:
তারুণ্যের সাধারণ সম্পাদক ফারহানা আইরিন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন হিসেবে তাঁদের প্রত্যাশা, টিএসসিসিতে সক্রিয় সংগঠনগুলোর জন্য পৃথক স্থায়ী কক্ষ বরাদ্দ করা হবে। এতে প্রয়োজনীয় নথিপত্র, বই ও সাংগঠনিক সরঞ্জাম সংরক্ষণের পাশাপাশি কার্যক্রম পরিচালনা সহজ হবে।
তিনি আরও বলেন, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পর্যাপ্ত স্থায়ী ডাস্টবিন স্থাপন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সহশিক্ষা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে প্রশাসনিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণাবান্ধব পরিবেশ, উন্নত আবাসন ও পরিবহনব্যবস্থা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাস নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন তিনি। তাঁর ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু অবকাঠামোগত উন্নয়নে নয়; শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মনন ও মানবিক মূল্যবোধের বিকাশেও নিহিত। তাঁরা এমন একটি বিশ্ববিদ্যালয় চান, যেখান থেকে সুন্দর মানুষ, যোগ্য নেতৃত্ব ও মানবিক সমাজ গড়ে উঠবে।
সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চা বিস্তারের প্রত্যাশা বুননের:
বুননের সভাপতি ফওজিয়া ফারজানা বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় আমাদের কাছে শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি স্বপ্ন, সম্ভাবনা ও বেড়ে ওঠার এক গুরুত্বপূর্ণ ঠিকানা।”
তিনি মনে করেন, বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু একাডেমিক অর্জনে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা বিকাশের সুযোগ তৈরির মধ্যেও এর প্রকৃত সার্থকতা নিহিত। তাঁর প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়ে সুস্থ সাংস্কৃতিক চর্চা ও সহশিক্ষামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং শিক্ষার্থীদের ইতিবাচক উদ্যোগগুলো যথাযথ সহযোগিতা পাবে।
ফওজিয়া ফারজানা বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ ক্যাম্পাস গড়ে তুলতে বুনন তার ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত রাখতে চায়। প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের পথচলা আরও গৌরবময় ও সাফল্যমণ্ডিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানবিক সমাজ গড়ার প্রত্যয় সিআরসির:
সিআরসি-ইউআই (চাইল্ড রাইটস ও শিশু কল্যাণে কাজ করা সংগঠন চাইল্ড রাইটস কাউন্সিল নয়, কাম ফর রোড চাইল্ড—সিআরসি) শাখার সভাপতি তানভীর আহমেদ সংগঠনটির কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেন। তিনি জানান, কাম ফর রোড চাইল্ড একটি স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক সংগঠন। সুবিধাবঞ্চিত ও পথশিশুদের অধিকার, মর্যাদা এবং জীবনমান নিশ্চিত করাই সংগঠনটির মূল লক্ষ্য।
তিনি বলেন, শিশুদের শিক্ষা ও মানবিক বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি সংগঠনটি শীতবস্ত্র বিতরণ, ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ, শিশু অধিকারবিষয়ক সচেতনতা এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে।
সিআরসির প্রত্যাশা, প্রতিটি শিশু যেন নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার, শিক্ষা লাভের এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ার সমান সুযোগ পায়। বৈষম্যহীন, মানবিক ও শিশুবান্ধব সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই সংগঠনটি কাজ করে যাচ্ছে।
সেশনজট ও প্রশাসনিক দীর্ঘসূত্রতা নিরসনের দাবি তরুণ কলাম লেখক ফোরামের:
তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি রবিউস সানি জোহা বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য আনন্দ, গৌরব ও আত্মসমীক্ষার এক তাৎপর্যপূর্ণ উপলক্ষ। ১৯৭৯ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ পথপরিক্রমায় নানা প্রতিকূলতা অতিক্রম করে বিশ্ববিদ্যালয়টি দেশের উচ্চশিক্ষা, জ্ঞানচর্চা ও মননশীল সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তবে এসব অর্জনের সমান্তরালে বিদ্যমান সীমাবদ্ধতাগুলোরও নিরপেক্ষ মূল্যায়ন জরুরি।
“সেশনজট, আবাসন সংকট, অপর্যাপ্ত পরিবহন সুবিধা, গবেষণায় অপর্যাপ্ত বরাদ্দ, প্রশাসনিক দীর্ঘসূত্রতার অবসান এখন সময়ের অনিবার্য দাবি। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমার প্রত্যাশা—জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষ, বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা, বৈষম্যহীনতা ও প্রশাসনিক স্বচ্ছতার সমন্বয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থীবান্ধব উচ্চশিক্ষার আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হবে।
“অতীতের গৌরব ও ঐতিহ্য ধারণ করে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনে এগিয়ে যাক আমাদের প্রিয় বিদ্যাপীঠ। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি ও গৌরবময় অগ্রযাত্রা কামনা করছি।”
নারীস্বাস্থ্য ও জনস্বাস্থ্য নিয়ে কাজের পরিসর বাড়ানোর প্রত্যাশা ক্যাপের:
ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেনের (ক্যাপ) সভাপতি জান্নাতুল মাওয়া বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উদ্যাপনের উপলক্ষ নয়, বরং বিশ্ববিদ্যালয়ের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ নিয়ে ভাবার একটি সুযোগ। একজন শিক্ষার্থী হিসেবে আমার প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণার পাশাপাশি মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং নেতৃত্ব বিকাশেও এগিয়ে যাবে।
“ক্যাপের পক্ষ থেকে আমি চাই, নারীস্বাস্থ্য, ক্যান্সার সচেতনতা ও জনস্বাস্থ্য নিয়ে কাজের পরিসর আরও বিস্তৃত হোক। শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী উদ্যোগ ও গবেষণায় প্রশাসনের সহযোগিতা বাড়ুক। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সৃজনশীল কাজের পরিবেশ নিশ্চিত হোক।
“আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই, যেখানে শিক্ষার্থীদের মতামত গুরুত্ব পাবে, নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে এবং নতুন উদ্যোগগুলো উৎসাহিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রত্যাশা, ইসলামী বিশ্ববিদ্যালয় তার ঐতিহ্য ধারণ করে আরও মানবিক, গবেষণামুখী ও শিক্ষার্থীবান্ধব হয়ে উঠুক।”
পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের ক্যাম্পাস গড়ার আহ্বান অভয়ারণ্যের:
অভয়ারণ্যের এনভায়রনমেন্টাল ডিরেক্টর হিতুয়ারা খাতুন বলেন, “দেশের উচ্চশিক্ষার একটা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ইতোমধ্যেই তার মনোরম সবুজ ক্যাম্পাস, সমৃদ্ধ একাডেমিক ঐতিহ্য এবং শিক্ষার্থীদের মেধা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে দেশজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
“তবে অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও গবেষণার সীমাবদ্ধতা ও আন্তর্জাতিক সংযোগের অভাবে বিশ্ববিদ্যালয়টি বিশ্বদরবারে এখনো তার কাঙ্ক্ষিত অবস্থান পুরোপুরি তৈরি করতে পারেনি। পাশাপাশি আবাসন সংকট, সেশনজট, পরিবহন অব্যবস্থাপনা এবং ক্যাম্পাসের পরিবেশগত ও নিরাপত্তাসংক্রান্ত সমসাময়িক কিছু চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক গতিকে মাঝেমধ্যেই ব্যাহত করছে।
“একটি দায়িত্বশীল ও পরিবেশবাদী সংগঠন হিসেবে অভয়ারণ্য বিশ্বাস করে, বিদ্যমান অর্জনগুলোকে পুঁজি করে এই অভ্যন্তরীণ সংকটগুলো দ্রুত নিরসন করা গেলে ইবির সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও গবেষণামুখী হয়ে উঠবে। আমরা এমন একটি ক্যাম্পাসের স্বপ্ন দেখি, যেখানে বিশ্বমানের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি ক্যাম্পাসের সবুজ প্রকৃতি, জীববৈচিত্র্য ও প্রাণিকুলের সংরক্ষণ সমান গুরুত্ব পাবে।
“সুস্থ সংস্কৃতির চর্চা, মুক্তবুদ্ধির বিকাশ এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা সম্ভব। প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে আমাদের প্রিয় ইবি হয়ে উঠুক একটি বৈষম্যহীন, পরিবেশবান্ধব এবং জ্ঞানচর্চার প্রকৃত নিরাপদ ‘অভয়ারণ্য’—এটাই আমাদের মূল প্রত্যাশা ও ভাবনা।”
পরিকল্পিত সম্প্রসারণ ও টেকসই ক্যাম্পাস চায় গ্রীন ভয়েস:
বিশ্ববিদ্যালয়ের ৪৮তম দিবস উপলক্ষে গ্রীন ভয়েস, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. মিলন রানা (মুরাদ) বলেন, “বিশ্ববিদ্যালয়ের ৪৮তম দিবসে আমরা গ্রীন ভয়েস, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রত্যাশা তুলে ধরতে চাই। বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান শিক্ষার্থী সংখ্যা, শিক্ষা ও গবেষণার পরিধি এবং ভবিষ্যৎ উন্নয়ন বিবেচনায় ক্যাম্পাসের জায়গা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে অপরিকল্পিত উন্নয়ন এড়িয়ে একটি দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যানের আওতায় আবাসন, একাডেমিক ভবন, সড়ক, উন্মুক্ত স্থান ও পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করা জরুরি।
“এ ছাড়া জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যবস্থা, বিজ্ঞানসম্মত ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি। আর বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, লেক সংরক্ষণ, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
“আমরা চাই, উন্নয়ন কর্মকাণ্ড যেন প্রকৃতির ক্ষতি করে নয়, বরং প্রকৃতির সঙ্গে সমন্বয় করে বাস্তবায়িত হয়।”
তিনি আরও বলেন, “শুভ ৪৮তম বিশ্ববিদ্যালয় দিবস। সবুজ, সুন্দর ও টেকসই ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয়ে।”
শিক্ষার্থীদের প্রত্যাশা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান:
প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দাঁড়িয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় তার অর্জন, ঐতিহ্য ও ভবিষ্যৎ সম্ভাবনাকে নতুন করে মূল্যায়নের সুযোগ পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের বক্তব্যে গবেষণার উন্নয়ন, সেশনজট নিরসন, আবাসন ও পরিবহনব্যবস্থার আধুনিকায়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, স্বেচ্ছাসেবী কার্যক্রমে সহযোগিতা, সাংস্কৃতিক চর্চার বিস্তার এবং পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
তাঁদের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ, নেতৃত্ব ও গবেষণার বিকাশে তৈরি হবে আরও অনুকূল পরিবেশ।
সব মিলিয়ে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষার্থীদের প্রত্যাশা শুধু আধুনিক অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়; তাঁরা চান এমন একটি শিক্ষাঙ্গন, যেখানে জ্ঞানচর্চা, মানবিকতা, নিরাপত্তা, সমতা ও পরিবেশ সংরক্ষণ পাশাপাশি এগিয়ে যাবে। ঐতিহ্য ধারণ করে ইসলামী বিশ্ববিদ্যালয় দেশ ও আন্তর্জাতিক পরিসরে উচ্চশিক্ষার একটি অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত হবে—এমন স্বপ্নই দেখছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।সব মিলিয়ে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী শিক্ষার্থীদের কাছে যেমন আনন্দ ও গৌরবের, তেমনি এটি বিশ্ববিদ্যালয়ের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ সম্ভাবনা মূল্যায়নেরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। শিক্ষার্থীদের প্রত্যাশা, প্রাপ্তি ও আক্ষেপকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে—এমনটাই তাঁদের আশা। অপরিকল্পিত উন্নয়ন এড়িয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গবেষণার সুযোগ বৃদ্ধি, আবাসন সংকট নিরসন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়েই ইবি হয়ে উঠতে পারে একটি আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকীর এই প্রাক্কালে শিক্ষার্থীদের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয় শুধু বয়সে নয়, শিক্ষা, গবেষণা ও মানের দিক থেকেও এগিয়ে যাক বহুদূর।

