নতুন পরিবেশ, নতুন সহপাঠী আর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ‘নতুন মুখ, নতুন স্বপ্ন, নতুন সূচনা’ প্রতিপাদ্যে বিভাগটির উদ্যোগে ‘ফ্রেশার্স রিসেপশন ফল-২০২৬’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর হাবিবুর রহমান কামাল, এনডিসি, পিএসসি এবং সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাদেরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের প্রভাষক ও কো-অর্ডিনেটর সালমা তাবাসসুম।
আলোচনা পর্বে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না; অর্জন করতে হবে প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি গবেষণা, উদ্ভাবন এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য করে তোলার পরামর্শ দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। এতে শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গানসহ নানা পরিবেশনা উপস্থাপিত হয়। সংগীত ও নৃত্যের ছন্দে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। নবীন ও পুরোনো শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় আনন্দ, পরিচয় ও সম্প্রীতির এক মিলনমেলায়।

