ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং প্রশাসনের ভেতরে সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর শহরের জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ইঙ্গিত করে রিজভী বলেন, গণতন্ত্রবিরোধী ওই ব্যক্তি ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে অন্য জায়গা থেকে আগুন-সন্ত্রাসে মদদ দিচ্ছেন।
তিনি অভিযোগ করেন, তাদের টাকার অভাব নেই। অনেক টাকা পাচার করেছেন, দেশের ভেতরেও তাদের বিপুল অর্থ রয়েছে। ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসররা সেই অবৈধ অর্থ দিয়ে সন্ত্রাসী ও টোকাইদের ব্যবহার করে গাড়িতে আগুন দিচ্ছেন। শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপরও হামলা চালানো হচ্ছে এবং তাঁদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে।
রিজভী বলেন, ‘ফ্যাসিস্টের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং পুলিশ প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে। তারা সক্রিয় হয়ে ওঠায় গত তিন-চার দিনে বিএনপির তিনজনকে ওরা খুন করল।’
এসব হত্যাকাণ্ডের পেছনে দেশের বাইরে থেকে মদদ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তাঁর ভাষ্য, শেখ হাসিনা একটি আন্দোলন গড়ে তুলতে চান এবং সে কারণেই তাঁর ‘লাশ দরকার’।
প্রয়াত তরিকুল ইসলামের স্মৃতিচারণা করে রিজভী বলেন, কিংবদন্তিতুল্য নেতা তরিকুল ইসলাম সারা জীবন মা, মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ। যশোরের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছেন এবং গণতন্ত্রের জন্য আমৃত্যু লড়াই করেছেন।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হকের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম, যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
অনুষ্ঠানে প্রয়াত তরিকুল ইসলামের স্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম এবং তাঁর ছেলে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

