সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রীন রোড ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ‘ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ট্রফি ট্যুর। এ আয়োজনকে ঘিরে ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ফুটবল নিয়ে উচ্ছ্বাস, উদ্দীপনা ও প্রতিযোগিতার আমেজ ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপ–উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মো. আল–আমিন মোল্লা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর হাবিবুর রহমান কামাল, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এ. এস. এম. তারিক ইকবাল এবং স্পোর্টস ক্লাবের সভাপতি কাজী আবু বক্কর জনি। এ ছাড়া অনুষ্ঠানে ইউনিভার্সিটির ফুটবল দলের খেলোয়াড়, স্পোর্টস ক্লাবের সদস্য এবং বিভিন্ন বিভাগের উৎসাহী শিক্ষার্থীরা অংশ নেন।
আয়োজনে বক্তারা খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, দলগত কাজ, শৃঙ্খলা ও নেতৃত্বের বিকাশের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, ফুটবল শুধু একটি প্রতিযোগিতামূলক খেলা নয়; এটি ঐক্য, অধ্যবসায় ও ক্রীড়াসুলভ মনোভাবেরও প্রতীক। ট্রফি ট্যুরের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে টুর্নামেন্ট ঘিরে আগ্রহ ও উদ্দীপনা আরও বাড়ে। পুরো আয়োজনটি বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে ক্রীড়াচর্চা ও দলগত ঐক্যের অনুপ্রেরণা ছড়িয়ে দেয়।

