লক্ষ্মীপুরে পবিত্র ঈদের দিন পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্ত স্বামী রিয়াজুল ইসলাম রাজুকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার (২৯ মে) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজু লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের হুগলডহুরী গ্রামের খইয়া গাজী হাওলাদার বাড়ির মো. ইউছুফের ছেলে। আজ শনিবার (৩০ মে) সকালে র্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মুহিত কবির সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দশ বছর আগে রাজুর সঙ্গে ভুক্তভোগী পূর্ণিমা আক্তারের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রতিনিয়ত পারিবারিক কলহ চলে আসছিল। এরই জেরে গত ঈদের দিন ক্ষিপ্ত হয়ে পূর্ণিমাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রাজু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পূর্ণিমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠান।
এই নৃশংস ঘটনার পর পূর্ণিমার মা পাখি বেগম বাদী হয়ে জামাতা রাজুকে প্রধান আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেপ্তারে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের একটি দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র্যাব কর্মকর্তা মুহিত কবির সেরনিয়াবাত জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

