কম দামে পাঞ্জাবি বিক্রি করে আলোচনায় আসা প্রতিষ্ঠান ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি ঢাকাকে এশিয়ার সবচেয়ে নিরাপদ শহরে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। মঙ্গলবার (২ জুন) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।
স্ট্যাটাসে নবীন হাশেমি বলেন, ঢাকার দায়িত্ব তাকে দেওয়া হলে মাত্র ১০০ দিনের মধ্যেই রাজধানীকে এশিয়ার সবচেয়ে নিরাপদ শহরে রূপান্তর করা সম্ভব হবে। তিনি বলেন, যদি এ লক্ষ্য অর্জনে ব্যর্থ হন, তবে যে কোনো ধরনের শাস্তি গ্রহণ করতেও তিনি প্রস্তুত।
নিজেকে রাজনীতির বাইরে অবস্থানকারী ব্যক্তি উল্লেখ করে নবীন বলেন, তিনি দায়িত্ব পেলে ১০০ দিনের মধ্যে দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের জনগণের জন্য কার্যকরভাবে কাজ করার একটি দৃষ্টান্ত স্থাপন করতে চান। নির্ধারিত সময় শেষে দায়িত্ব যথাযথভাবে পরবর্তী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে হস্তান্তর করে আবার নিজের ব্যবসায় ফিরে যাবেন বলেও জানান তিনি।
স্ট্যাটাসের শেষাংশে নবীন হাশেমি বলেন, একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে তিনি দেশের মানুষের কল্যাণে ১০০ দিন বিনা বেতনে কাজ করতে আগ্রহী। এমনকি দায়িত্ব পালনে ব্যর্থ হলে জীবন উৎসর্গ করতেও পিছপা হবেন না বলেও মন্তব্য করেন তিনি।


