রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাদের নিজ নিজ দাবির পক্ষে চূড়ান্ত বক্তব্য উপস্থাপন করবেন। যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণার জন্য একটি তারিখ নির্ধারণ করতে পারেন।
এর আগে বুধবার মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন আত্মপক্ষ সমর্থন করেন। এ সময় সোহেল রানা আদালতের কাছে নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তবে স্বপ্না খাতুন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্বে রামিসার পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক এবং তদন্তকারী কর্মকর্তাসহ মোট ১৬ জন সাক্ষ্য দিয়েছেন। গত ১ জুন এই মামলার বিচার কার্যক্রম শুরু হয় এবং ২ জুন সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

