রাজধানীর পল্লবীর সেকশন-৬ এলাকার একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সেলিনা আফরোজ দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একা বসবাস করছিলেন। উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ গণমাধ্যমকে জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।
পুলিশের তথ্যমতে, গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে সেলিনা আফরোজ তার ভাতিজা আশফাকুর রহমানের সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে কথা বলেন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হয়েছে।
সেলিনা আফরোজ ছিলেন মৃত খলিলুর রহমান ও আফিয়া রহমানের কন্যা। পারিবারিক সূত্রে পাওয়া ফ্ল্যাটটিতেই তিনি একা বসবাস করতেন। তার স্বামী মোবিনুল হক এবং দুই সন্তান বর্তমানে কানাডায় বসবাস করছেন।
পুলিশ জানিয়েছে, একসময় সেলিনা আফরোজও পরিবারের সঙ্গে কানাডায় অবস্থান করতেন। তবে পারিবারিক বিরোধের কারণে প্রায় ১২ বছর আগে দেশে ফিরে এসে পল্লবীর ওই বাসায় একা থাকতে শুরু করেন। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

