প্রধানমন্ত্রীর দপ্তরের লাল টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট অভিযান চালিয়ে তাদের আটক করে এবং চুরি হওয়া তামার তার উদ্ধার করে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সিটিটিসির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রঞ্জন চন্দ্র (২৫) ও রেজাকুল ইসলাম (৩২)।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রঞ্জন চন্দ্র স্বীকার করেন যে, গত ২২ মে তিনি সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের লাল টেলিফোন সংযোগের তামার তার চুরি করেন। পরে গত ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে অবস্থিত একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী চকবাজার থানার ২৭ নম্বর ওয়ার্ডের হোসেনী দালান রোডে অবস্থিত একটি ভাঙারির গুদামে অভিযান চালিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না এবং চুরির পেছনে আরও কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

