রাজধানীবাসীর যাতায়াতে আরও সুবিধা দিতে আগামীকাল রোববার থেকে মেট্রোরেলের চলাচলের সময় উভয় প্রান্তে রাতের দিকে ২০ মিনিট করে বাড়ানো হচ্ছে। ফলে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে সর্বশেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে, যা বর্তমানে রাত ১০টা ১০ মিনিটে ছাড়ে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যেখানে বর্তমানে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ৯টা ৩০ মিনিটে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে গত এক মাস ধরে বর্ধিত সময়সূচি নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার থেকে নতুন সময়সূচি কার্যকর করা হবে।
প্রাথমিকভাবে অতিরিক্ত ২০ মিনিটে উভয় প্রান্তে একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে। অর্থাৎ, একটি ট্রেন মতিঝিলের দিকে এবং আরেকটি ট্রেন উত্তরার দিকে চলাচল করবে। এ সময় এক ট্রেনের পর আরেক ট্রেনের মধ্যে ১০ মিনিটের ব্যবধান থাকবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় দেশের প্রথম মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে চালু হয়। শুরুতে এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে যাত্রী পরিবহন শুরু হলেও পরে ধাপে ধাপে নতুন স্টেশন চালু এবং সেবার পরিধি সম্প্রসারণ করা হয়। বর্তমানে মেট্রোরেল রাজধানীর গণপরিবহন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে।

