ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় কংস নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ বালুবোঝাই একটি ট্রাকসহ ধসে পড়েছে। ফলে ময়মনসিংহ-নেত্রকোনা এবং তারাকান্দা-ধোবাউড়া প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ দুই পাড়ের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
রোববার (৭ জুন) ভোরে বালুবোঝাই ট্রাকটি ব্রিজ অতিক্রম করার সময় হঠাৎ সেতুর একটি অংশ ভেঙে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকটি ব্রিজের সঙ্গে আটকে যায় এবং তাৎক্ষণিকভাবে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুরোনো এই সেতুর বিভিন্ন অংশ দুর্বল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও প্রয়োজনীয় সংস্কার বা বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ জানান, ব্রিজটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ফাটল ও কাঠামোগত দুর্বলতা দেখা দিয়েছিল। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সেতুটি ধসে পড়ে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন জানান, প্রায় ১০ বছর আগেই ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল। রোববার ভোরে সেতুটি ধসে পড়ার পর যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন। দ্রুত সেতুটি মেরামত অথবা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

