ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের থলিয়ারা গ্রামে দোকানঘর নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থলিয়ারা গ্রামের বড় গোষ্ঠীর জয়নাল মিয়া এবং ছোট গোষ্ঠীর জুবায়ের মিয়ার মধ্যে একটি দোকানঘরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ সালিশে দোকানঘরটি উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হলে উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
রোববার সকালে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষ টেঁটা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন—সৈয়দ জামান মিয়া (৪৮), কামাল মিয়া (৪৫) এবং রুহুল আমীন (২০)। আহত জামান মিয়া ও কামাল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি অব্যাহত রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

