ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে লক্ষ্মীপুরে এক তরুণ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্রাজিল সমর্থক এক যুবকের বিরুদ্ধে রিভলবার দিয়ে মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত করার অভিযোগ করা হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেলে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম।
আহত তরুণের নাম আজাদ হোসেন। তিনি তুলাগাছতলা এলাকার বাসিন্দা। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত রিফাত হোসেনও একই এলাকার বাসিন্দা।
হাসপাতালে চিকিৎসাধীন আজাদ হোসেন জানান, কয়েকজন বন্ধু মিলে নিজেদের ছবি সংযুক্ত করে একটি আর্জেন্টিনার পতাকা টানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ব্রাজিল সমর্থক রিফাত হোসেন আগে থেকেই পতাকা না টানানোর জন্য তাদের হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন বিকেলে কোনো ধরনের বাগ্বিতণ্ডা ছাড়াই রিফাত তার ওপর হামলা চালান এবং একপর্যায়ে সঙ্গে থাকা রিভলবার দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে রিফাত হোসেন মারধর ও অস্ত্র প্রদর্শনের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি কোনো হামলা করেননি। বরং তারা এলাকায় ছাত্রলীগের প্রচারণা চালাতে চেয়েছিল, যার প্রতিবাদ করা হয়েছিল মাত্র। নিজের কাছে রিভলবার থাকার অভিযোগকেও তিনি ভিত্তিহীন বলে দাবি করেন।
এ বিষয়ে ওসি মোরশেদ আলম বলেন, রিভলবার দিয়ে আঘাত করার অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

