বাগেরহাটের চিতলমারী উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) উপজেলার ঝালোডাংগা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে ভুক্তভোগী শিশুটি পরিমল ভক্তের বাড়িতে যায়। অভিযোগ রয়েছে, এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে জোরপূর্বক ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে তার ওপর যৌন নির্যাতন চালান। পরে বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবারের পক্ষ থেকে চিতলমারী থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পরিমল ভক্তকে আটক করে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
চিতলমারী থানার ওসি (তদন্ত) রোকেয়া খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

