অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, তালাক ছাড়াই বিয়ে, ব্যভিচার ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন।
এর আগে সকাল ১১টা ৪৭ মিনিটের দিকে তামিমা সুলতানার হাত ধরে আদালতে উপস্থিত হন নাসির হোসেন। এ সময় আদালত প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি নাসির হোসেন ও তামিমা সুলতানার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের নজরে আসে। পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে তিনি এ বিষয়ে বিস্তারিত জানতে পারেন।
এরপর ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি রাকিব হাসান আদালতে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনের পরিপন্থী। একই সঙ্গে নাসির তাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন বলেও অভিযোগ করা হয়।
মামলায় আরও উল্লেখ করা হয়, এ ঘটনার কারণে বাদী ও তার আট বছর বয়সী কন্যা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং তার সামাজিক মর্যাদাও ক্ষুণ্ন হয়েছে।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সবশেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে রায় ঘোষণা করে নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিকে খালাস দেন।

