ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ফুটবলপ্রেমীদের উদ্যোগে গাবতলী সেতুর একাংশজুড়ে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশের জাতীয় পতাকা টাঙানো হয়েছে। এসব পতাকার মাঝখানে মর্যাদার সঙ্গে স্থান পেয়েছে বাংলাদেশের লাল-সবুজের পতাকাও।
বিশ্বকাপ এলেই বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি হলেও, আমিনবাজারের তরুণদের এই উদ্যোগ সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিদিন বহু দর্শনার্থী ও ফুটবলপ্রেমী নিজেদের প্রিয় দলের পতাকার সঙ্গে ছবি তুলতে এবং উৎসবের আবহ উপভোগ করতে সেখানে ভিড় করছেন।
স্থানীয়দের বিশ্বাস, ৪৮টি দেশের পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকা ওড়ানোর মাধ্যমে ভবিষ্যতের একটি স্বপ্নকেও তুলে ধরা হয়েছে। তাদের প্রত্যাশা, একদিন বাংলাদেশের জাতীয় দলও বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে এবং লাল-সবুজের পতাকা বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে গর্বের সঙ্গে উড়বে। বর্তমানে সেই স্বপ্ন ও বিশ্বকাপের আনন্দকে ঘিরেই আমিনবাজার ও আশপাশের এলাকার মানুষ উৎসবমুখর সময় পার করছেন।

