ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম বাজেট। ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ : ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
প্রস্তাবিত বাজেটে দেশের মসজিদগুলোর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক ১০ হাজার টাকা সম্মানী প্রদানের প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে অবকাঠামো উন্নয়নের তুলনায় মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে।
দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে উদ্যোক্তা উন্নয়ন তহবিলের জন্য ২২৫ কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সহায়তায় ২ হাজার কোটি টাকার পৃথক তহবিল গঠনের প্রস্তাব থাকতে পারে।
এ ছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের ঘোষণা আসতে পারে। স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ২৫ লাখ নাগরিকের জন্য ‘ই-হেলথ কার্ড’ কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়িয়ে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ নতুন কয়েকটি কর্মসূচি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সরকার বিদেশে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

