রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের করা জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।
রোববার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শুনানি হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে শিশু হত্যাকাণ্ডে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের ডেথ রেফারেন্সের নথিপত্র হাইকোর্টে পৌঁছায়। গত ৭ জুন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।
রায়ে বলা হয়, হাইকোর্ট বিভাগের অনুমোদনের পর আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর হবে। জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুর আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তদন্ত শেষে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

