বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি গরু উপহার দিতে চেয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা সোহাগ মৃধার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মারামারির মামলা, যেখানে তিনি এক নম্বর এজাহারভুক্ত আসামি। অন্যটি পর্নোগ্রাফি আইনের মামলা, যেখানে তিনি সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, মারামারি ও পর্নোগ্রাফি আইনের মামলায় সোহাগ মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামে একটি গরু উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করে আলোচনায় আসেন সোহাগ মৃধা। পরে খালেদা জিয়া তার পরিবারের আর্থিক অবস্থা বিবেচনায় গরুটি ফেরত দেন। পরবর্তীতে চলতি ঈদুল আজহা উপলক্ষে সোহাগ মৃধা গরুটি বিক্রি করেন।

