২০২৬ ফিফা বিশ্বকাপের মঞ্চে স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে রাতারাতি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে তিনি শুধু ম্যাচসেরার পুরস্কারই জেতেননি, কয়েক ঘণ্টার ব্যবধানে নিজের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যাও প্রায় ৬০০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ম্যাচের আগে ভোজিনহার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা ছিল প্রায় ৪৫ হাজার। স্পেনের বিপক্ষে অসাধারণ গোলরক্ষণের পর সেই সংখ্যা বেড়ে ২৭ লাখেরও বেশি হয়। তার দুর্দান্ত নৈপুণ্যে মুগ্ধ হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অনুসরণ করতে শুরু করেন।
স্পেন পুরো ম্যাচে ২৭টি শট নেয়, যার মধ্যে সাতটি ছিল লক্ষ্যে। তবে ৪০ বছর বয়সী ভোজিনহা দুর্দান্ত সব সেভ করে স্পেনের আক্রমণভাগকে হতাশ করেন। তার অনবদ্য পারফরম্যান্সে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচেই শক্তিশালী স্পেনের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট অর্জন করে কেপ ভার্দে।
এই কীর্তির মাধ্যমে ভোজিনহা বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ক্লিন শিট রাখা গোলরক্ষকের রেকর্ড গড়েন। পাশাপাশি অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ফিফা তাকে ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত করে।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা কয়েক মিলিয়ন বেড়ে যাওয়ার প্রতিক্রিয়ায় ভোজিনহা হাসতে হাসতে এক শব্দে বলেন, “পাগলাটে!”

