বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার ফাইনাল দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একইসঙ্গে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে দেশব্যাপী খেলার মাঠ চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৬ জুন) সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, আগামী ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে দেশব্যাপী শিশু খেলোয়াড়দের উৎসাহিত করার কার্যক্রম শুরু হবে। শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
মাঠ সংকট প্রসঙ্গে আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি এলাকায় খেলাধুলার উপযোগী মাঠ খুঁজে বের করার প্রক্রিয়া চলছে।
জাতীয় ফুটবল দলের সাবেক এই গোলরক্ষক, যিনি নিজেও ব্রাজিলের সমর্থক, বিশ্বকাপ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার একটি ফাইনাল ম্যাচ দেখতে পারলে সেটি হবে দারুণ একটি উপলক্ষ। তবে বিশ্বকাপের ফলাফল নিয়ে অতিরিক্ত প্রত্যাশা না রাখার পরামর্শও দেন তিনি।
এ সময় বিশ্বকাপ উপলক্ষে অতিরিক্ত উচ্ছ্বাস থেকে বিরত থাকার এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
এর আগে বিকেএসপির অডিও-ভিডিও সেন্টার মিলনায়তনে ‘স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন তিনি।

