চোটের কারণে এখনো পুরোপুরি মাঠে ফিরতে পারেননি ব্রাজিলিয়ান তারকা ফুটবলার Neymar। বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা থাকলেও ব্যক্তিগত জীবনে ভক্তদের জন্য সুখবর দিয়েছেন তিনি। পঞ্চমবারের মতো বাবা হতে চলেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
নেইমারের সঙ্গী Bruna Biancardi সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সন্তানের আগমনের খবর জানিয়েছেন। এটি নেইমার ও ব্রুনা দম্পতির তৃতীয় সন্তান হতে যাচ্ছে।
বর্তমানে তাদের ঘরে রয়েছে দুই কন্যাসন্তান—দুই বছর বয়সী ম্যাভি এবং ১১ মাস বয়সী মেল। এছাড়া নেইমারের আরেক কন্যাসন্তান রয়েছে, যার মা Amanda Kimberlly। শিশুটি ম্যাভির চেয়ে ১১ মাসের বড়। অন্যদিকে নেইমারের সবচেয়ে বড় সন্তান ১৪ বছর বয়সী ছেলে লুকা, যার মা Carolina Dantas।
একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়ে নেইমার ও ব্রুনা সুখবরটি সবার সঙ্গে ভাগাভাগি করেন। সেখানে তারা ইঙ্গিত দেন যে, অনাগত সন্তানটি কন্যা হতে পারে।
মজার ছলে নেইমার বলেন, ‘আমি একটি ব্যান্ড দল বানাবো এবং আজ থেকে তার নাম হবে স্পাইস গার্লস।’
এদিকে চোটের কারণে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামতে পারেননি নেইমার। হাইতির বিপক্ষে পরবর্তী ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ব্রাজিল সমর্থকরা তার দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন।

