বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। চোটের কারণে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল আগামী ম্যাচে মাঠে নামতে পারছেন না। তার ডান পায়ের কোয়াড্রিসেপস পেশিতে চোট ধরা পড়েছে, যা দলটির রক্ষণভাগে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
দলের মেডিকেল টিমের পরীক্ষার পর তার মাংসপেশির চোটের বিষয়টি নিশ্চিত করা হয়। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে বলে জানা গেছে। ফলে আগামী সোমবারের ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই।
আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মন্তিয়েলের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন নাহুয়েল মোলিনা। আসন্ন অস্ট্রিয়া ম্যাচে রাইট-ব্যাক পজিশনে শুরু থেকেই মোলিনাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি।
প্রথম ম্যাচে আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরবর্তী ম্যাচে জয়ী একাদশে কিছু পরিবর্তন আনতে পারেন স্ক্যালোনি। রক্ষণভাগে চোট কাটিয়ে ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো।
এছাড়া আক্রমণভাগেও পরিবর্তনের আভাস রয়েছে। থিয়াগো আলমাদা ও লাউতারো মার্টিনেজের পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন নিকোলাস গঞ্জালেস ও হুলিয়ান আলভারেজ।

