ভেনিজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৭১ জন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ হতাহতদের সর্বশেষ এ তথ্য জানিয়েছেন।
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় দেশটির বিভিন্ন অঞ্চলে পরপর ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটি ভেনিজুয়েলায় আঘাত হানা অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। ভূমিকম্পের কম্পন দেশের প্রায় সব অঞ্চলে অনুভূত হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত তিন শিশুকে উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। ভূমিকম্পের পরপরই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ লা গুয়াইরাকে ‘দুর্যোগ এলাকা’ ঘোষণা করেছেন। তিনি জানান, বিপুলসংখ্যক ভবন ধসে পড়ায় এ অঞ্চলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা পৌঁছে দিতে সরকার ও বিভিন্ন সংস্থা কাজ করছে।
ভূমিকম্পে বহু ভবন, সড়ক ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সূত্র: আল জাজিরা

