ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী জাহাজে হামলার খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে গ্যাস ও তেলের দাম বেড়েছে।
মঙ্গলবার ইউরোপের বেঞ্চমার্ক প্রাকৃতিক গ্যাসের দাম ৪.৫ শতাংশের বেশি বেড়ে প্রতি মেগাওয়াট-ঘণ্টা ৪৬ ইউরো (প্রায় ৫২.৫ মার্কিন ডলার) হয়েছে। আগের দিনের দরপতনের পর এদিন বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
কাতার থেকে ইউরোপে এলএনজি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ায় বাজারে এ মূল্যবৃদ্ধি ঘটে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি দাবি করেছে, সতর্কবার্তা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার পর জাহাজটি হামলার মুখে পড়ে। তবে হামলার ঘটনার বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১.২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ ডলারের কাছাকাছি পৌঁছেছে, যা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

