বাংলাদেশি কর্মীদের জন্য আবারও মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (৭ জুলাই) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মালয়েশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে সরকার কাজ করছে এবং ইতোমধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি জানান, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাস, ওমান ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর শ্রমবাজার সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়েছে। এর ধারাবাহিকতায় গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরকালে দেশটির সরকারের কাছে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় চালুর অনুরোধ জানান। সেই প্রচেষ্টার ইতিবাচক ফলাফল হিসেবে মালয়েশিয়া আবারও বাংলাদেশি শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগ স্থগিত করে। সে সময় পূর্বে অনুমোদনপ্রাপ্ত কর্মীদের ৩১ মে-এর মধ্যে দেশটিতে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছিল। ওই সময়সীমা শেষ হওয়ার পর কর্মী ভিসায় নতুন করে আর কোনো বাংলাদেশি মালয়েশিয়ায় যেতে পারেননি।

