মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পরিবর্তে ভুলবশত ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ উল্লেখ করায় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ কয়েক মাস আগে একটি মার্কিন বিমানবাহী রণতরীর দিকে ১১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএএসও টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প আরও বলেন, এক ঘণ্টার মধ্যে ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোর সবই সফলভাবে প্রতিহত করে।
তবে জাপানের সংবাদমাধ্যম কিয়োডো নিউজের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প সম্ভবত বক্তব্য দেওয়ার সময় ইরানের পরিবর্তে ভুলক্রমে জাপানের নাম উচ্চারণ করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগী জাপানকে তিনি ইরানের সঙ্গে গুলিয়ে ফেলেছেন।
কিয়োডো নিউজ আরও জানায়, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা রয়েছে। বিশেষ করে চীন ও উত্তর কোরিয়াকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হয়েছে। একই সঙ্গে জাপান ইরানের সঙ্গেও কূটনৈতিকভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র জানায়, আরব সাগরে ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের কাছে একটি ড্রোন আক্রমণাত্মকভাবে এগিয়ে এলে সেটি ভূপাতিত করা হয়। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানের মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়, যা বর্তমানে চতুর্থ মাসে গড়িয়েছে।

