বরিশাল সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা বহরের একটি গাড়ির সামনে ইটের টুকরো এসে পড়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুর ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর এটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত কোনো নাশকতার চেষ্টা—তা তদন্ত করে দেখছে পুলিশ।
জানা গেছে, প্রধানমন্ত্রী সোমবার সকালে সড়কপথে বাসযোগে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে বিভিন্ন স্থানে রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া মানুষকে তিনি বাসের ভেতর থেকে শুভেচ্ছা জানান। এ সময় বহরের বাসের পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনে হঠাৎ একটি ইটের টুকরো এসে পড়ে।
ঘটনার ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, মহাসড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছিল এবং প্রধানমন্ত্রী তাদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন। এ সময় বহরের একটি গাড়ির সামনে ইটের টুকরো এসে পড়ার ঘটনাটি নিরাপত্তা সংশ্লিষ্ট মহলে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।
মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, বহরের একটি গাড়িতে ইটের টুকরো পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এটি কোনো চলন্ত গাড়ির চাকা থেকে ছিটকে এসেছে, নাকি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিক্ষেপ করেছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। প্রকৃত ঘটনা উদঘাটনে প্রয়োজনীয় সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং এ মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

