চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি এবং পরীক্ষা পদ্ধতির প্রতিবাদে রাজধানীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশ অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৮ দফা দাবি উত্থাপন করে প্রশাসনকে এক ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে দিনব্যাপী মহাসড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
শিক্ষার্থীদের দাবি, তারা জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না। তবে প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি এবং পরীক্ষা পদ্ধতিতে অসঙ্গতির কারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তারা শিক্ষার্থী-বান্ধব, মানবিক ও চাপমুক্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান।
শিক্ষার্থীদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে—প্রশ্নপত্র ও পরীক্ষা পদ্ধতির ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত পরীক্ষা-নিরীক্ষা বা গবেষণা বন্ধ, দেশব্যাপী অনুকূল পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটির জন্য সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, প্রশ্নপত্রের ত্রুটির কারণে বিজ্ঞান বিভাগের সব শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের বাধ্যতামূলক ১৪ নম্বর ক্ষতিপূরণ প্রদান, শিক্ষাব্যবস্থাকে শিক্ষার্থী-বান্ধব ও চাপমুক্ত করা, গত দুই বছরের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রশ্নপত্র প্রণয়ন এবং শিক্ষা ব্যবস্থা সংস্কারে সরকারের সর্বোচ্চ গুরুত্ব প্রদান।
বিক্ষোভের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন হন। প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন অব্যাহত ছিল।

