টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজের চলমান এইচএসসি পরীক্ষার্থী লিমা আক্তারের মৃত্যুর ঘটনায় প্রেমিক মো. মারুফ হোসেন শান্তের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের ধোকেরকুল মোড়ে ভূমিহীন সমিতি ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, নিহতের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন নিজেরা করি উন্নয়ন সংগঠনের ধনবাড়ী উপজেলা সমন্বয়ক শশী কুমার ত্রিপুরা, সিপিবির ধনবাড়ী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুপিটার, উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি কছিম উদ্দিন, নিহত লিমার বাবা সুরুজ আলী, বোন সুমি বেগম ও ফুফু রমিছা বেগম। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জানা যায়, ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের ধোকেরকুল গ্রামের বাসিন্দা সুরুজ আলীর মেয়ে লিমা আক্তার ধনবাড়ী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। চার বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ধনবাড়ী পৌর এলাকার বন্দ-টাকুরিয়া গ্রামের মঞ্জু মিয়ার ছেলে মো. মারুফ হোসেন শান্তের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।
পরিবারের দাবি, গত শনিবার সকালে শান্ত ফোন করে লিমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা বের হলেও পরে দুজনের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে ছেলেপক্ষ স্থানীয় কয়েকজনের মাধ্যমে মীমাংসার চেষ্টা করে। পরে রাত আনুমানিক ১১টার দিকে লিমাকে তার বড় বোনের জামাই কাবেলের বাড়িতে রেখে যাওয়া হয়।
পরদিন রোববার সকাল ১১টার দিকে ওই বাড়ির একটি কক্ষে ওড়নায় ঝুলন্ত অবস্থায় লিমাকে দেখতে পান স্বজনরা। খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরিবারের সদস্যদের ধারণা, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার আশঙ্কা এবং মানসিক চাপে লিমা আত্মহত্যা করে থাকতে পারেন। নিহতের মা শাহিদা বেগম অভিযোগ করেন, মারুফ হোসেন শান্ত তার মেয়েকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মারুফ হোসেন শান্তের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ জানায়, সোমবার ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে লিমার দাফন সম্পন্ন হয়েছে।

