টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মৎস্য সম্পদ ও জলজ প্রাণী সংরক্ষণে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৬০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এবং কিছু কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে ধনবাড়ী পৌর এলাকার হবিপুর বিলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ধনবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার-ভূমি) দিল আফরোজ। অভিযানে ধনবাড়ী থানা পুলিশ, আনসার সদস্য এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মৎস্য ও জলজ প্রাণী সংরক্ষণ আইন, ১৯৫০ এবং সংশ্লিষ্ট বিধিমালা, ১৯৮৫-এর আওতায় পরিচালিত এ অভিযানে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে জানান, দেশীয় প্রজাতির মাছ ও অন্যান্য জলজ প্রাণী সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও উপজেলার বিভিন্ন নদী ও বিলে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে জব্দ করা প্রায় ৬০০ মিটার চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ বলেন, চায়না দুয়ারী জাল দেশের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব জালে মাছ, মাছের পোনা, কাঁকড়া, জলজ কীটপতঙ্গ, সাপ, ব্যাঙ, পাখিসহ বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে আটকা পড়ে। অসাধু ব্যবসায়ীরা সাধারণ জেলে ও শ্রমজীবী মানুষকে দিয়ে এসব জাল ব্যবহার করিয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। তিনি জনসাধারণকে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন।

