সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে তাকে ঢাকার বিভিন্ন হোটেলে এক নারীর সঙ্গে প্রবেশ ও অবস্থান করতে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওতে থাকা নারীর পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্প্রতি প্রকাশিত দুটি ভিডিওর মধ্যে একটি রাজধানীর উত্তরার একটি হোটেলে ধারণ করা হয়েছে বলে দাবি করা হলেও অন্যটির অবস্থান শনাক্ত করা যায়নি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রথম দফায় যেসব মাধ্যমে ভিডিও প্রকাশিত হয়েছিল, নতুন ভিডিওগুলো সেসব উৎস থেকে নয়; বরং বিভিন্ন ব্যক্তি এগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে, গাজী নজরুল ইসলাম এক নারীর সঙ্গে একটি হোটেলে প্রবেশ করছেন। হোটেলের রিসেপশনে দায়িত্বরত ব্যক্তির সঙ্গে করমর্দনের পর তারা ভেতরে প্রবেশ করেন। ভিডিওতে হোটেলের লবিতে তাদের ঘনিষ্ঠভাবে কথা বলতে ও অবস্থান করতে দেখা যায় বলেও দাবি করা হচ্ছে।
এর আগে সোমবার (২০ জুলাই) রাতেও একই ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে গাজী নজরুল ইসলামকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে বলে বিভিন্ন পোস্টে দাবি করা হয়।
ওই ঘটনার পর এক লিখিত বিবৃতিতে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে তার সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার। তিনি জানান, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মোসাম্মৎ মাকছুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার এবং গাড়িচালক ওবায়দুল্লাহকে নিয়ে দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর মগবাজারের ব্যবসায়িক কার্যালয়ে যান এবং সেখানে প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থান করেন।
সর্বশেষ ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে নতুন ভিডিওতে দেখা যাওয়া নারী মরিয়ম আক্তার কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে ভিডিওটির বিভিন্ন দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

