পৃথিবীর সবচেয়ে আপন সম্পর্কগুলোর একটি ভাই-বোনের সম্পর্ক। এই সম্পর্কে যেমন থাকে ঝগড়া, অভিমান ও খুনসুটি, তেমনি থাকে নিঃস্বার্থ ভালোবাসা, ভরসা এবং আজীবনের বন্ধন। আজ বোন দিবস। ব্যস্ত জীবনের নানা ব্যস্ততার মাঝেও প্রিয় বোনকে মনে করিয়ে দেওয়ার দিন—সে কতটা গুরুত্বপূর্ণ এবং আপন।
শৈশবের অসংখ্য মধুর স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকে বোনের উপস্থিতি। চকলেট নিয়ে ঝগড়া, টেলিভিশনের রিমোট নিয়ে তর্ক কিংবা মায়ের কাছে কে আগে নালিশ করবে—এমন ছোট ছোট ঘটনাই পরবর্তী সময়ে জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতিতে পরিণত হয়। আবার পরিবারের বাইরে কেউ ভাই বা বোনের বিরুদ্ধে অবস্থান নিলে সবার আগে পাশে দাঁড়ায় সেই আপন মানুষটিই।
অনেক পরিবারে বড় বোন নীরবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ছোট ভাইবোনের দেখাশোনা, পড়াশোনায় সহযোগিতা কিংবা বিপদের সময় পাশে থাকা—সবকিছুই তিনি অনেক সময় কোনো প্রত্যাশা ছাড়াই করে যান। নিজের কষ্টের কথা আড়াল করেও পরিবারের সদস্যদের নিয়ে চিন্তা করেন।
অন্যদিকে ছোট বোনও পরিবারের আনন্দের অন্যতম উৎস। ভাইয়ের জামা অনুমতি ছাড়াই পরে নেওয়া, প্রিয় জিনিস লুকিয়ে রাখা কিংবা নানা দুষ্টুমির মধ্য দিয়ে শৈশবকে রাঙিয়ে তোলে সে। তবে পরিবারের কেউ অসুস্থ বা বিপদে পড়লে সেই ছোট বোনই উদ্বিগ্ন হয়ে পাশে দাঁড়ায়।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অনেক ভাইবোন পড়াশোনা, চাকরি কিংবা সংসারের প্রয়োজনে আলাদা শহর বা দেশে বসবাস করেন। প্রতিদিন দেখা না হলেও একটি ফোনকল, খুদে বার্তা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট্ট একটি খোঁজখবর সম্পর্কের দূরত্ব কমিয়ে দিতে পারে।
জীবনের ব্যস্ততা, ভুল বোঝাবুঝি কিংবা অভিমানের কারণে কখনো কখনো ভাই-বোনের সম্পর্কেও দূরত্ব তৈরি হয়। বোন দিবস হতে পারে সেই দূরত্ব কমানোর একটি উপলক্ষ। একটি আন্তরিক ফোনকল কিংবা ‘তোকে খুব মনে পড়ছে’—এমন ছোট্ট একটি বার্তাও দীর্ঘদিনের অভিমান ভাঙার সূচনা করতে পারে।
বোন দিবস উদযাপনের জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। বোন কাছে থাকলে তার সঙ্গে কিছুটা সময় কাটানো, পুরোনো স্মৃতি স্মরণ করা কিংবা একসঙ্গে খাবার খাওয়াই হতে পারে বিশেষ আয়োজন। আর দূরে থাকলে আজই একটি ফোন করে শুধু জিজ্ঞেস করা যায়—‘কেমন আছিস?’
জীবনের সঙ্গে বদলে যায় ঠিকানা, শহর ও ব্যস্ততা। কিন্তু শৈশবের সেই আপন মানুষগুলো হৃদয়ের কাছের জায়গাতেই থেকে যায়। তাই বোন দিবসে প্রিয় বোনকে ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা জানানোই হতে পারে সবচেয়ে সুন্দর উদযাপন।

