ফরিদপুরের সালথায় ক্ষতিকর ও অনুমোদনহীন ওষুধ ব্যবহার করে গরু মোটাতাজাকরণের অভিযোগে মো. শাহাদাত হোসেন নামে এক পল্লী চিকিৎসককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ১৪(১) ধারায় তাকে এ অর্থদণ্ড দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্রুত গরু মোটাতাজাকরণের উদ্দেশ্যে ডেক্সামিথাসন (Dexamethasone) ও সাইপ্রোহেপ্টাডিন (Cyproheptadine) ব্যবহারের অভিযোগে পল্লী চিকিৎসক শাহাদাত হোসেনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
সালথা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিনুর ইসলাম বলেন, ডেক্সামিথাসন ও সাইপ্রোহেপ্টাডিনের মতো ক্ষতিকর ওষুধ পশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এসব ওষুধ ব্যবহারের কারণে গরুর স্বাভাবিক স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ কারণে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, এলাকার খামারি, পল্লী চিকিৎসক, কেমিস্ট, ওষুধ ব্যবসায়ীসহ প্রাণিসম্পদের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। গরু দ্রুত মোটাতাজা করার জন্য ক্ষতিকর বা অনুমোদনহীন ওষুধ ব্যবহার না করার আহ্বান জানান তিনি।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, গরু দ্রুত মোটাতাজা করতে ক্ষতিকর বা অনুমোদনহীন ওষুধ ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে গরুর স্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি ওই গরুর মাংস ভক্ষণকারীদের স্বাস্থ্যও ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই খামারি, পল্লী চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কেউ এ ধরনের ওষুধ ব্যবহার বা বিক্রি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

