জামালপুরের দেওয়ানগঞ্জে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে আদালত তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছেন।
সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের আসকর আলী ও জাহিদুল ইসলাম। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের ৪০ বছর বয়সী ওই গৃহবধূ নিজ ঘরে একা ছিলেন। এ সময় আসকর আলী ও জাহিদুল ইসলাম সেখানে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী নারীর ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে জামালপুর আদালতে মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষের ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।
রায় ঘোষণার পর বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হওয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা জানায়।

