জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১০ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান তানভীরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরীপাড়ার একটি বাসা থেকে গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়ায় এনে একই দিন আদালতে হাজির করা হলে প্রাথমিক শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে তানভীর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে কটূক্তি ও মানহানিকর পোস্ট করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনায় বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় মামলা করেন। ওই মামলায় তদন্তের স্বার্থে তানভীরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ।

