চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনার পর বাস ও ট্রাক সড়কের ওপর ছিটকে পড়ে। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাকের সংঘর্ষের পর দুটি যানবাহনই সড়কের ওপর ছিটকে পড়ে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

