ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দুই বোলার মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।
প্রথম ইনিংসে বল হাতে উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করে ৬৬ রানে ৫ উইকেট শিকার করেন মিরাজ। ব্যাট হাতেও প্রথম ইনিংসে খেলেন গুরুত্বপূর্ণ ৬৫ রানের ইনিংস। এক টেস্টে পঞ্চাশোর্ধ্ব রান ও পাঁচ উইকেট নেওয়ার কীর্তি এটি মিরাজের চতুর্থবার।
অন্যদিকে হাসান মাহমুদ দুই ইনিংসে যথাক্রমে ৬ ও ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। এক টেস্টে ১১১ রানে ৯ উইকেট—বাংলাদেশের কোনো পেসারের দ্বিতীয় সেরা বোলিং পরিসংখ্যান এটি।

