খুলনায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বাড়ায় পর্যাপ্ত শয্যা না থাকায় অনেককে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। হাসপাতালের ডেঙ্গু কর্নারে মাত্র ছয়টি শয্যা থাকলেও আক্রান্ত রোগীদের মেডিসিন ওয়ার্ডের বিভিন্ন স্থানেও রাখা হচ্ছে।
হাসপাতালে রোগীর চাপ বাড়ায় শয্যা সংকটের পাশাপাশি মশারি ব্যবহারে কিছু রোগীর অনীহাও দেখা যাচ্ছে। এতে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে খুলনা জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় মশক নিধন ও জনসচেতনতা কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

