বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে রিক্রুটিং এজেন্সির বৈধতা, বিদেশি নিয়োগকর্তাদের চাহিদা ও কর্মী নিয়োগসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনঃএকত্রীকরণ: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অবৈধ পথে বিদেশে পাঠানোর সঙ্গে জড়িত চক্র মানুষের জীবন ও পরিবারের ভবিষ্যৎ বিবেচনা না করে নিজেদের স্বার্থে কাজ করছে। এসব চক্রের রুট চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে। পাশাপাশি অবৈধ পথে বিদেশ যাওয়ার ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন জেলা ও সামাজিক পর্যায়ে ব্যাপক প্রচারের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, বিদেশি নিয়োগকর্তারা যে ধরনের দক্ষ কর্মী চান, অনেক সময় সেই অনুযায়ী কর্মী পাঠানো হয় না। এ সমস্যা সমাধানে নিয়োগকর্তার প্রতিনিধি বা প্রশিক্ষককে বাংলাদেশে এনে কর্মীদের দক্ষতা যাচাইয়ের নতুন পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং দক্ষ কর্মী পাঠানোর সুযোগ বাড়বে।
প্রবাসীদের সরকারি সেবা আরও সহজ করতে তৃতীয় পক্ষের মাধ্যমে কিছু সেবা দেওয়ার পাশাপাশি পাসপোর্ট ও অন্যান্য নথি ডাক বা কুরিয়ারে তাঁদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এছাড়া প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন মন্ত্রী।

