‘নৌযান শুমারি ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে এক বর্ণাঢ্য র্যালি ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই র্যালিটি শুরু হয়। পরবর্তীকালে র্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফিসারি ঘাটে গিয়ে শেষ হয়।
উক্ত র্যালিতে রাঙামাটি জেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ নুরু উজ জামান, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুহাম্মদ ইমদাদ রনিসহ মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আয়োজক সূত্রে জানানো হয়, আগামী ২০ আগস্ট থেকে দেশব্যাপী নৌযান শুমারির মূল তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে এবং তা আগামী ২৯ আগস্ট পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে। এই নির্ধারিত সময়ের মধ্যে জেলার আওতাধীন বিভিন্ন জলাশয় ও অঞ্চলে পরিচালিত সব ধরণের বাণিজ্যিক ও ব্যক্তি মালিকানাধীন নৌযানের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। জেলা পরিসংখ্যান কার্যালয় জানিয়েছে, এই শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের একটি সঠিক, বাস্তবসম্মত ও হালনাগাদ তথ্য-পরিসংখ্যান তৈরি হবে, যা ভবিষ্যতে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থা ও সামগ্রিক অর্থনীতিকে আরও গতিশীল করতে নীতি নির্ধারণে সহায়তা করবে।

